রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর অগ্রণী ব্যাংক পিএলসি, হরিয়ান শাখায় টাকা তুলতে এসে খুচরা নোটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ রয়েছে, অনেক গ্রাহক এক লাখ টাকা বা তার বেশি উত্তোলন করলেও উল্লেখযোগ্য অংশ ৫০ টাকার নোটে দেওয়া হচ্ছে। ফলে বিপুল পরিমাণ খুচরা টাকা বহন করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনের সময় তারা বড় মূল্যমানের নোট প্রত্যাশা করলেও অনেক ক্ষেত্রে ৫০ টাকার নোটের বান্ডিল দেওয়া হয়। এতে টাকা বহন, গণনা ও সংরক্ষণে অতিরিক্ত সময় এবং ঝুঁকি তৈরি হচ্ছে।
ব্যাংকে উপস্থিত এক গ্রাহক বলেন, “লাখ টাকা তুলতে এসে অর্ধেকের বেশি ৫০ টাকার নোট দেওয়া হয়েছে। এত খুচরা টাকা নিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর এবং নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ।” এ বিষয়ে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বাংলাদেশ ব্যাংক থেকে যে মূল্যমানের নোট সরবরাহ করা হয়, সেই অনুযায়ী গ্রাহকদের টাকা প্রদান করা হয়। বড় মূল্যমানের নোটের সংকট দেখা দিলে বিকল্প হিসেবে ছোট মূল্যমানের নোট দিতে হয়।
তবে গ্রাহকদের দাবি, বড় অঙ্কের টাকা উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বড় মূল্যমানের নোটের ব্যবস্থা করা হলে এমন ভোগান্তি অনেকটাই কমে আসবে।











