টাঙ্গাইলের মির্জাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা গোনা ডিলাররা হলেন বানাইল ইউনিয়নের সার ডিলার এবং ওই গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে মোজ্জামেল হোসেন ও একই ইউনিয়নের ভররা গ্রামের ফজলুর রহমানের ছেলে আলম হোসেন।
সূত্র জানায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পেলে মোজ্জামেল হোসেনকে ১৫ হাজার ও মো. আলম মিয়ার কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা বলেন, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব মণ্ডল ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।











