টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে থাকা পান-জর্দা সংগ্রহ করে নেওয়া হয়। এ সময় রোগীদের হাসপাতাল এলাকায় পান-জর্দা ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন চানান, হাসপাতাল একটি সেবামূলক ও স্বাস্থ্যসম্মত পরিবেশের জায়গা। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সুস্থতার স্বার্থে পান-জর্দা সেবন থেকে বিরত থাকা জরুরি। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










