টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে সশস্ত্র হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার ৩ আগস্ট ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে প্রতিবেশির মধ্যে এমন সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবলু ভূইয়ার নির্দেশে তার ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি কাফি ভূইয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে শাহআলী গেন্দি, আল আমিন, জুবায়ের, মানিক, রাসেল, স্বাধীন, কবির, মহর ও পাতুসহ আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন মিঠু, তার ছোট ভাই স্বপন এবং বড় ভাই ফারুক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের স্বজনদের দাবি, হামলার সময় চাপাতি, রাম-দা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। বিশেষ করে স্বপন ও ফারুকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ায় তারা গুরুতর জখম হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভূঞাপুর থানায় কোন অভিযোগ না হওয়ায় হামলার কারণ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্য পাওয়া যায়নি।











