রিমল তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত দে সরকার, অভিভাবক সদস্য মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলা এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকাসক্তির মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা এসব সমস্যা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এ ধরনের সমাবেশ শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন ।











