রিমল তালুকদার, ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
রোববার (২২ মার্চ) গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে তৈরি করা ব্যানার বহন করেন এবং আনন্দঘন পরিবেশে শোভাযাত্রায় অংশ নেন। ব্যানারে বিদ্যালয়ের ইতিহাস, গৌরবময় অর্জন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নাম তুলে ধরা হয়।
মাকছুদ জামিল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩১ টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুল ইসলাম (বাবু), ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জান তালুকদার সেলু সহ স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের দীর্ঘ ১০০ বছরের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিদ্যালয়ের ঐতিহ্য সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করবে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে।











