টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকার ‘মোটের পুকুরথ থেকে পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়।
গতকাল সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।
উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে , সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা গতরাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে যান। স্থানীয় সচেতন মহলের ধারণা, এগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। বড়চওনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিগুলোর প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।











