সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ২টা ০৫ মিনিটে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চড়পাড়া মোড়ে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি আর কে পরিবহন যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে থামানো হয়।
বাসে তল্লাশিকালে সন্দেহভাজন মোঃ এনামুল হক (৫৫), থানা- সিংড়া, জেলা- নাটোর’কে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫,৯৪০ (পাঁচ হাজার নয়শত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৮২ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











