টাঙ্গাইলের সখীপুরে নাতির বঁটির আঘাতে নানি বেদেনা সুন্দরির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খুনের ঘটনায় জড়িত নাতি নয়ন চন্দ্র কোচকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সখীপুর থানায় মৃতের স্বামী পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে নাতিকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
নয়ন বেদেনা সুন্দরির মেয়ে জল্পনা কোচ এবং শ্যামল কোচের ছেলে। তারা গাজীপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেদেনা সুন্দরির নাতি নয়ন গত মঙ্গলবার রাতে নানির বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে আটটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি দিয়ে নানি বেদেনাকে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্য নাতিদের চেয়ে তাকে আদর-স্নেহ ও কম ভালোবাসা এবং টাকা-পয়সা না দেওয়ার অভিযোগে নানিকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে নয়ন।
স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই মাঝেমধ্যে নয়ন নানির বাড়িতে থাকে। ছেলেটি নেশা করে বলে এলাকাবাসীর ধারণা। নেশার টাকার জন্য এমন ঘটনা নয়ন করেছে বলে সবাই মনে করছে।
সখীপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি হেলাল উদ্দিন বলেন, ‘বেদেনা সুন্দরি হত্যার ঘটনায় নাতি নয়ন চন্দ্র কোচকে গ্রেপ্তার করা হয়েছে।











