র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ১৩১ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন টাঙ্গাইল–জামালপুরগামী আঞ্চলিক সড়কের দক্ষিণাশ্বর সাকিনস্থ ব্রাহ্মণ শাসন মন্দিরের সামনে পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি আভিযানিক দল।
চেকপোস্ট চলাকালে “সীমান্ত” নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মোঃ তৌফিক আহমেদ (৩২), জেলা–রাজশাহীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ০১ গ্রাম হেরোইন এবং পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় মাদক ক্রয়–বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৪৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ১৩১ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ১০ হাজার টাকা বলে জানায় র্যাব।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।










