টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ মার্চ ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার মোছা: আকলিমা বেগম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুরে বেশ কিছুদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)এর ৭(ক)১৫ ধারায় ১টি মামলায় সখীপুর উপজেলার বেড়বাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রনি’কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: আকলিমা বেগম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটায় এক মাটি কাটা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











