ইমাম হাসান সোহান: “জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১:৩০ মিনিটে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ।
জেলা সরকারি গণগ্রন্থাগার, টাঙ্গাইল এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার এর সিনিয়র লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্না । জেলা গণগ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামল চন্দ্র কর্মকার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলার কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন । এছাড়াও আলোচনায় অংশ গ্রহণ করেন ” সময়ের সাহিত্য কন্ঠ ” এর সম্পাদক কবি আজাদ কামাল , কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন । প্রধান আলোচক খন্দকার নিপুণ হোসাইন বলেন, ” আমাদের সকলেরই উচিত বাংলা ভাষার প্রতি বিশেষ যত্ন নেওয়া ।
বাংলা ভাষার প্রতিটি শব্দের সঠিক ব্যবহার করতে হবে । পৃথিবীতে যে কয়েকটি ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা অন্যতম । একসময় পৃথিবী থেকে হাতে গোনা কয়েকটি ভাষা বাদে সকল ভাষার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে । কিন্তু ইংরেজি, স্পেনিশ, ফরাসি, আরবি, হিন্দি এসব ভাষার সাথে বাংলা ভাষাও টিকে থাকবে । তাই আমাদের বাংলা ভাষার গুরুত্ব বুঝতে হবে এবং এই ভাষাকে ভালোবাসতে হবে “। কবি আজাদ কামাল বলেন, ” একটি ভাষা একটি জাতির অস্তিত্বকে ঐতিহ্যকে সংরক্ষণ করে থাকে । আমাদের বাংলা ভাষাও অনুরূপ । এই ভাষার একটি ঐতিহ্য আছে একটি জাতিসত্বা আছে একটি ইতিহাস রয়েছে । যাদের রক্তের বিনিময়ে আমার বাংলা ভাষাকে রক্ষা করতে পেরেছি তাদের রুহের মাগফেরাত কামনা করছি ” ।
সভাপতির বক্তব্যে শামীম আরা সুবর্না বলেন, ” ভাষা আন্দোলনের যে চেতনা কেবল ভাষার মর্যাদা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ছিলো আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গনতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম । আসুন আমরা এই মহান শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে সর্বস্তরে বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করি ” ।











