টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ৫৭তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পিটিসি’র প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ ও কারাতের অভিন্ন কৌশল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ বিভাগের অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন বিপিএম। তিনি প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, “তোমরা সম্পূর্ন মেধার মাপকাঠিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ লাভ করেছো। তোমাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ করতে হবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বেও সাথে নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ পিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রশিক্ষণ শেষ করে কর্মক্ষেত্রে যোগদানের জন্য প্রস্তুত হন।
২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৫৭তম টিআরসি ব্যাচের ৪২৫ জন ট্রেইনি কনস্টেবল সফলতার সাথে তাদেও প্রশিক্ষণ সম্পন্ন করেছে।











