বিশ্বজিৎ চক্রবর্তী: “মাদক না বলুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান”-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) গোপালপুর উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক,সাবেক ছাত্রনেতা, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক রবি আলম (ফটিক)-এর নির্দেশনায় ও আয়োজনে এ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তরফদার, শ্রমিক নেতা মিন্টু মিয়া, জুলাই আন্দোলনের ছাত্রনেতা মানিক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাদক বিরোধী প্রচারণামূলক সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই মাদকের কারণে তরুণ সমাজ চুরি,ছিনতাই, হত্যা,খুন সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরছে।
তরুণ প্রজন্মকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালপুরের সকল মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রতিটি এলাকায় সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকলে মাদক ব্যবসায়ীরা আর এলাকায় মাদক ব্যবসা করতে পারবে না। তাই আসুন, সকলে মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—সমাজকে বাঁচাই, মাদকমুক্ত গোপালপুর গড়ে তুলতে সকলে মিলে সহযোগিতা করি।











