টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদুল ফিতরের জামাতের টাকা কালেকশন ও ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদের প্রধান জামাত আয়োজন এবং সংশ্লিষ্ট অর্থের হিসাব-নিকাশ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে ঈদের নামাজ শেষে সেই বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। প্রথমে কথা কাটাকাটির মধ্য দিয়ে শুরু হলেও তা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ধস্তাধস্তির সময় কয়েকজন পুকুরে পড়ে যান। এতে বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করেন। পরে তাদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয় এবং উভয় পক্ষকে নিয়ে প্রাথমিকভাবে বিষয়টির মীমাংসা করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











