টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গবাদিপশুর ভাইরাসজনিত সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)-এর প্রকোপ বেড়েছে| উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক গরু আক্রান্ত হওয়ায় খামারি ও প্রান্তিক কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে| আক্রান্ত গরুর শরীরে গুটি, জ্বর, ক্ষুধামন্দা ও দুধ উৎপাদন কমে যাওয়ায় অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন|

সরেজমিনে উপজেলার ইছাদিঘী, কলমেঘা, বড়চওনা, কচুয়া, কালিদাস, বহেড়াˆতল, কুতুবপুর, কাকড়াজান, বোয়ালী ও তক্তারচালা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, অনেক খামারের গরু এ রোগে আক্রান্ত| আক্রান্ত গরুর শরীরে গুটি, জ্বর, ক্ষত ও দুর্বলতা দেখা দিচ্ছে| কোথাও কোথাও চিকিৎসার আগেই গরু মারা যাচ্ছে বলে খামারিরা জানান|
খামারিদের ভাষ্য, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে| তাঁদের দাবি, কমপক্ষে ১৫ টি গরু মারা গেছে| এদিকে কচুয়া গ্রামে গত এক মাসে অন্তত তিনটি গরু মারা যাওয়ার খবরও পাওয়া গেছে|
প্রতিষেধক সহজলভ্য না হওয়ায় অনেক খামারি পল্লি পশুচিকিৎসক কিংবা স্থানীয় কবিরাজদের শরণাপন্ন হচ্ছেন| এতে ভুল চিকিৎসা, নিম্নমানের ওষুধ ব্যবহার এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগও রয়েছে| অনেক কৃষক রোগ সম্পর্কে আগে থেকে সচেতন না থাকায় সময়মতো ভ্যাকসিন দিতে পারেননি| ফলে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ তাঁদের|
কচুয়া গ্রামের কৃষক আবুল কালাম মিয়া বলেন, “হঠাৎ করেই গরুর শরীরে গুটি দেখা দেয়| পরে চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, আগেই ভ্যাকসিন দেওয়া উচিত ছিল| চিকিৎসায় অনেক টাকা খরচ করেও শেষ পর্যন্ত গরুটিকে বাঁচাতে পারিনি|”
আক্কাছ নামের এক খামারি অভিযোগ করে বলেন, “গরু আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরও অনেক সময় প্রাণিসম্পদ বিভাগের লোকজন আসেন না| হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিনও পাওয়া যায় না| সম্প্রতি আমার একটি ও পাশের বাড়ির মোংলা মিয়ার একটি বাছুর মারা গেছে|”
তবে বেপারীপাড়া গ্রামের মাজেদা খাতুন জানান, গরু আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রায় চার হাজার টাকা খরচ করে ওষুধ কিনে চিকিৎসা করান| বর্তমানে তাঁর গরুটি সুস্থ হওয়ার পথে|
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানাযায়, লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ| সাধারণত মশা ও মাছির মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে| আক্রান্ত গবাদিপশুকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে|
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, “গত এপ্রিল, মে ও জুন মাসে উপজেলায় দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে| তবে কোনো গরু মারা গেছে—এমন তথ্য আমাদের কাছে নেই| আমরা এ বিষয়ে খামারিদের সচেতন করছি|”
তিনি আরও বলেন, “লাম্পি স্কিন ডিজিজের সরকারি ভ্যাকসিন খুব সীমিত পরিমাণে আসে, সেটিও তিন মাস পরপর| একটি উপজেলার চাহিদার তুলনায় এ সরবরাহ যথেষ্ট নয়| তাই অনেক সময় বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হয়| আক্রান্ত হওয়ার আগেই গরুকে ভ্যাকসিন দেওয়া সবচেয়ে কার্যকর| আক্রান্ত হওয়ার পর দ্রুত সঠিক চিকিৎসা পেলে অধিকাংশ গরুই সুস্থ হয়ে ওঠে|”
তিনি আরও বলেন, “আক্রান্ত গরুকে গ্রাম্য চিকিৎসকদের কাছে না নিয়ে সরাসরি প্রাণিসম্পদ হাসপাতালে এনে পরামর্শ নেওয়া উচিত| গরু মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে, তবে এ বিষয়ে অনেক ক্ষেত্রে আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয় না|”
খামারিদের দাবি, রোগ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ওষুধ, টিকা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন| তাঁদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে|











