টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের মামলার প্রধান আসামি মোঃ আল-আমিন (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।
এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামি কৌশলে বাদীর স্ত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে বাদীর অভিযোগ। বিষয়টি নজরে আসার পর বাদী আইনগত সুরক্ষা ও বিচারের আশায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলাটি ভূঞাপুর থানার মামলা নং-০৫, তারিখ-২১ জুন ২০২৫ খ্রিঃ; ধারা- ২০১২ সালের পর্নোগ্রাফি আইনের ৮(১)/৮(২)/৮(৩)।
মামলা দায়েরের পর র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং র্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জ, ঢাকা এর যৌথ অভিযানে আসামির অবস্থান নিশ্চিত করা হয়।
পরবর্তীতে ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আল-আমিন (৩২), জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।











