টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের বর্ণী গ্রামে অর্ধশত বছরেরও বেশি পুরোনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে উপজেলার লাউহাটি ইউনিয়নের বর্ণী গ্রামে এলাকাবাসীর আয়োজনে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে আব্দুল আউয়াল। এ সময় তিনি লিখিত বক্তব্য বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে রাস্তা দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহার করে আসা গ্রামের সাধারণ মানুষ ও কৃষকেরা ভোগান্তির আশঙ্কায় রয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, লাউহাটি মৌজার বর্ণী মাঝিপাড়া রোডের কালভার্টসংলগ্ন অমূল্য কুমার দাসের বাড়ি থেকে আব্দুল আউয়াল মিয়ার বাড়ি হয়ে ফসলি মাঠ পর্যন্ত প্রায় ১৫০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের রাস্তাটি দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে ব্যবহার করে আসছেন।
তাঁর দাবি, গ্রামের বীর মুক্তিযোদ্ধা অমূল্য কুমার দাস মৃত্যুর আগে তাঁর উত্তরসূরিদের উপস্থিতি ও সম্মতিতে লিখিতভাবে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
আব্দুল আউয়াল মিয়া জানান, ২০২৩ সালের ১৩ নভেম্বর দেলদুয়ার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় রাস্তাটি মাটি দিয়ে সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করা হয়। পরে সংস্কারকাজ শুরু হলে অমূল্য কুমার দাসের মেয়ে শিল্পী রানী দাস টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল আউয়াল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে ৩৬১ নম্বর মামলা করেন।
আদালতের নির্দেশে দেলদুয়ারের সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্ত করে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে আরজিভুক্ত ভূমি ২০ বছরেরও বেশি সময় ধরে জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং স্থানীয়দের বক্তব্যে পাবলিক ইউজমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়েছে বলে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ২২ নভেম্বর আদালত মামলাটিতে আব্দুল আউয়াল মিয়াসহ বিবাদীদের অব্যাহতি দেন। এরপর সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নাসির মিয়ার উদ্যোগে পূর্বের প্রকল্পের আওতায় রাস্তাটির সংস্কারকাজ সম্পন্ন হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ৫৯৯/২৫ নম্বর দলিলের মাধ্যমে শিল্পী রানী দাস গং রাস্তাসংলগ্ন জমি হেরেন্ডপাড়া গ্রামের সেলিম রেজা গংয়ের কাছে বিক্রি করেন। জমি হস্তান্তরের সময়ও সেখানে জনসাধারণের চলাচলের রাস্তাটি বিদ্যমান ছিল বলে দাবি এলাকাবাসীর।
এদিকে, রাস্তাটিতে গাছের চারা রোপণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগও করেছেন তাঁরা। পরে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় ওই প্রতিবন্ধকতা অপসারণ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এলাকাবাসীর দাবি, ২০২৬ সালের ২ জুন নাগরপুর-দেলদুয়ারের সংসদ সদস্যের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বরাদ্দে রাস্তাটিতে পুনরায় মাটি ফেলে সংস্কার করা হয়। এর আগে উপজেলা পরিষদের প্রকল্পেও রাস্তাটি সংস্কার করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে বক্তারা রাস্তাটির প্রকৃত অবস্থান, দৈর্ঘ্য, প্রস্থ, ব্যবহারের ইতিহাস, আদালতের তদন্ত প্রতিবেদন এবং সরকারি প্রকল্পের নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
আব্দুল আউয়াল মিয়া বলেন, তাঁরা কারও সঙ্গে বিরোধ বা সংঘাতে জড়াতে চান না। আইন নিজের হাতে তুলে নেওয়ারও পক্ষপাতী নন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহৃত রাস্তাটিতে নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করাই তাঁদের একমাত্র দাবি।
এসময় লাউহাটি ইউনিয়নের ২ নং ওয়াডে ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, বর্ণী গ্রামের মো. লিটন মিয়া, মো. আকতার হোসেন ,আঞ্জুমান আরা, সুশীল রাজবংশীসহ অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।











